কৌশল, জোট-সমীকরণ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। ১৭টি পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা। চারটি পদে বিএনপিপন্থী এবং ছয়টি পদে জামায়াতপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আহমদ কবির।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। ভোট হয় দুটি কেন্দ্রে— কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবনে।
প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, সমিতির মোট ভোটার ৯৪৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৯২ জন, যা অংশগ্রহণের দিক থেকে উল্লেখযোগ্য।
এবারের নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এবং জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৭টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৫০ জন।
সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থী প্যানেলের মো. আবদুল মন্নান। এ পদে জামায়াতপন্থী প্রার্থী দ্বিতীয় এবং আওয়ামীপন্থী প্রার্থী তৃতীয় হন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামায়াতপন্থী প্যানেলের মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। এ পদে আওয়ামীপন্থী প্রার্থী দ্বিতীয় এবং বিএনপিপন্থী প্রার্থী তৃতীয় অবস্থানে থাকেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক— দুটি গুরুত্বপূর্ণ পদ দুই ভিন্ন রাজনৈতিক ধারার হাতে যাওয়ায় সমিতির ভবিষ্যৎ পরিচালনায় নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন সংশ্লিষ্টরা।
বিএনপিপন্থী প্যানেল থেকে আরও জয়ী হয়েছেন— সহসভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে আজিজুল করিম।
জামায়াতপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন— জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুল বারী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে মোহাম্মদ নেজামুল হক ও এ কে এম শাহজালাল চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে এস এম জসিম।
আওয়ামীপন্থী প্যানেল থেকে জয়ী সাতজন হলেন— সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে ইকবালুর রশিদ আমিন ও জিয়াউদ্দিন আহমদ এবং নির্বাহী সদস্য পদে পারভীন সুলতানা ও সেকাব উদ্দিন।
ফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. আহমদ কবির বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এজন্য সবাই সন্তুষ্ট। উল্লেখ্য, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার অন্যতম প্রাচীন পেশাজীবী সংগঠন।
সর্বশেষ ২০২৫ সালের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপি, জ্যেষ্ঠ সহসভাপতিসহ ৬টি পদে জামায়াত এবং স্বতন্ত্র প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ–সমর্থিত দুজন প্রার্থী জয়ী হয়েছিলেন।
এবারের ফলাফলে তিন ধারার আইনজীবীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়েছে—যা আগামী এক বছরে সমিতির নীতিনির্ধারণী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…