৭ মাসেও ফলাফল প্রকাশ করতে পারেনি ববির অ্যাকাউন্টিং বিভাগঃ শিক্ষার্থীদের ক্ষোভ

পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭ মাস অতিবাহিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগের কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয় চলতি বছরের ১২ই মার্চ এবং পরীক্ষা শেষ হয় ১৬ই এপ্রিল। এরপর পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগটি। বিভাগের শিক্ষকদের অবহেলার কারণেই ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাসেল ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেন, “প্রতিবারের মতো এবারও আমাদের শিক্ষকদের সঙ্গে বারবার যোগাযোগ করতে হচ্ছে। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে কখনোই পরীক্ষা বা ফলাফল প্রকাশের কাজ সম্পন্ন হয় না। সব সময় যেন কোনো অদৃশ্য বাধা থেকে যায়।

আমরা বিশ্বাস করি — রেজাল্ট প্রকাশ কোনো করুণা নয়, এটি আমাদের অধিকার। রেজাল্ট যত দ্রুত প্রকাশ হবে, ততই শিক্ষার্থীদের উপকার হবে। একদিন আগেও রেজাল্ট হাতে থাকলে আমরা একদিনের মধ্যেই একটি চাকরির আবেদনে অংশ নিতে পারি। কিন্তু রেজাল্ট না থাকার কারণে আমরা একের পর এক গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছি। এখনও অনেক সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি আসছে, কিন্তু আমরা আবেদন করতে পারছি না — শুধুমাত্র রেজাল্ট না পাওয়ার কারণে।”

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, “অনার্স শেষ করার পর বাইরে মাস্টার্স করার ইচ্ছা যেন শুধুমাত্র মরীচিকা। ২০২৫ সালের জুনের পর থেকে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি গেছে, তা সবকিছু থেকেই আমরা বঞ্চিত। একটার পর একটা বিজ্ঞপ্তি যায়, আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকি। আমার পরিবার আমার বোঝা টানছে, তারাও এখন কটু কথা শোনায়।

পুরো বিশ্ব করোনা-প্রভাব কমিয়ে এগিয়ে গেলেও আমার বিভাগ আটকিয়ে রেখেছে একটার পর একটা বিষয় নিয়ে। এক স্যার বলেন টেবিল তার নয়, অন্য স্যার বলেন অন্যজনের কাজ। কিন্তু এই দীর্ঘসূত্রিতার শেষ কোথায়? যেখানে অন্য বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স ফাইনালের দিন গুনছে।

এই দায় কার? নাকি এই বিভাগ আমাদের জন্য অভিশাপ? রেজাল্ট দিলেই চাকরি আমার জন্য অপেক্ষা করছে বিষয়টা এমন নয়, কিন্তু রেজাল্টও একটি সিঁড়ি আমার জন্য। আমাদের রেজাল্ট যেন দ্রুত দিয়ে দেওয়া হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

পরীক্ষা কমিটির সভাপতি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির বলেন, “পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে আমি চেয়েছি দ্রুত ফলাফল প্রকাশ করতে, কিন্তু বেশ কিছু কারণে তা করতে পারিনি। আমাকে বিভাগ থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে আমি আগামী এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চাই। রেজাল্ট কেন প্রকাশ হচ্ছে না, এ বিষয়ে আপনি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করতে পারেন।”

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ বর্তমানে শিক্ষাছুটিতে রয়েছেন।

বিভাগটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশিকুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, “পরীক্ষা কমিটির দুইজন শিক্ষক শিক্ষা ছুটিতে চলে যাওয়ায় ২০১৯-২০ সেশনের রেজাল্ট প্রকাশে সময় লাগছে, তবে আমরা দ্রুতই রেজাল্ট প্রকাশ করব।”

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago