হবিগঞ্জ ও মৌলভীবাজার সিমান্তে ৫৫ বিজিবির অভিযানে ২৭ লক্ষ টাকার ভারতীয় মাদক-চোরাচালান পণ্য জব্দ
দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদক দমন অভিযানের অংশ হিসেবে সম্প্রতি ৫৫ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ২৫ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে।
গত ৫ দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, জিরা, কসমেটিকস, কাবেরী মেহেদী, সার ও গরু জব্দ করে বিজিবি। এর মধ্যে ১০ অক্টোবর মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় দুইটি হাইয়েস গাড়ি থেকে ১৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকার ভারতীয় জিরা ও মেহেদী জব্দ করা হয়।
এছাড়া শ্রীমঙ্গলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮ লাখ ২০ হাজার ৮৫০ টাকার ভারতীয় মদ, বিয়ার ও কসমেটিকস, আর চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত থেকে ৩৯ কেজি গাঁজা ও গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব অভিযানে চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি। জব্দ করা সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে চলতি মাসে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।