১০ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করতেন জাবেদ: এজিএম জাহাঙ্গীরের জবানবন্দি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিতেন। এরপর সেই অর্থ চেকের মাধ্যমে নগদায়ন বা নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে পাঠিয়ে পাচার করতেন দেশের বাইরে। এভাবে সাইফুজ্জামান চৌধুরী অন্তত ১০টি ভুয়া বা কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুদকের মামলায় গ্রেপ্তার সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলম চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ বিচারক মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন। সেই জবানবন্দির একটি কপি এসেছে কালবেলার হাতে।

জানতে চাইলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ অনুসন্ধান টিমের দলনেতা ও দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান কালবেলাকে বলেন, ‘দুদকের মামলায় গ্রেপ্তার আসামি আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলম আদালতে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসামি তার নামে খোলা ভুয়া কোম্পানি ক্ল্যাসিক ট্রেডিংয়ের হিসাবে ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি লেনদেন ও এই অর্থ বিদেশে সাইফুজ্জামান চৌধুরী পাচার করেছেন বলে জানিয়েছেন। মামলার তদন্ত চলমান। তদন্ত শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতে প্রতিবেদন পেশ করা হবে।’

কালবেলার হাতে আসা জবানবন্দি বিশ্লেষণে দেখা গেছে, অর্থ পাচারের অভিনব কৌশল আদালতকে জানিয়েছেন আসামি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আরামিট গ্রুপের কর্মচারী জসিম উদ্দিনের নামে প্রগ্রেসিভ ট্রেডিং, মোহাম্মদ হোসেন চৌধুরীর নামে রিলায়েবল ট্রেডিং, মিছাবাহুল আলমের নামে মডেল ট্রেডিং ও ফরমান উল্লাহ চৌধুরীর নামে ভিশন ট্রেডিংয়ের হিসাব খুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে সৈয়দ কামরুজ্জামান তার অধীনের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেন। এ ছাড়া কামরুজ্জামানের আত্মীয় নুরুল ইসলামের নামে ক্রিসেন্ট ট্রেডার্স ও শেখ ফোরকানের নামে ইমিনেন্ট ট্রেডিংয়ের নামেও ট্রেড লাইসেন্স সংগ্রহ করা হয়। ট্রেড লাইসেন্সের মাধ্যমে ইউসিবিএলের বিভিন্ন শাখায় হিসাব খুলে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়ে স্থানান্তর করে সাইফুজ্জামান চৌধুরীর নামীয় হিসাবে। এরপর সেই অর্থ নগদে উত্তোলন করে দেশের বাইরে পাচার করেন সাইফুজ্জামান। এই পাচারে সিওও সৈয়দ কামরুজ্জামান, এজিএম আব্দুল আজিজ, এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীকে সহযোগিতা করেছে।

জাহাঙ্গীর আলমের জবানবন্দি অনুযায়ী যে ১০ প্রতিষ্ঠানের নামে সাইফুজ্জামান অর্থ পাচার করেছেন, সেগুলো হলো—মডেল ট্রেডিং, স্বত্বাধিকারী মিছাবাহুল আলম; ক্ল্যাসিক ট্রেডিং, স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম; রেডিয়াস ট্রেডিং, স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ; লুসেন্ট ট্রেডিং, স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন; ইমিনেন্ট ট্রেডিং, স্বত্বাধিকারী শেখ ফোরকান; প্রগ্রেসিভ ট্রেডিং, স্বত্বাধিকারী জসিম উদ্দিন; ভিশন ট্রেডিং, স্বত্বাধিকারী ফরমান উল্লাহ চৌধুরী; রিলায়েবল ট্রেডিং, স্বত্বাধিকারী হোসেন চৌধুরী; ক্রিসেন্ট ট্রেডার্স, স্বত্বাধিকারী নুরুল ইসলাম ও ইম্পেরিয়াল ট্রেডিং, স্বত্বাধিকারী আব্দুল আজিজ।

জবানবন্দিতে জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সালের ১৪ জানুয়ারি আমাকে আমদানিকারক ব্যবসায়ী দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে আরামিট গ্রুপের তৎকালীন জিএম (অ্যাডমিন অ্যান্ড এইচআর) এবং বর্তমান আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের সিএফও অ্যান্ড সিওও সৈয়দ কামরুজ্জামান, প্রোটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরী সাইফুজ্জামান চৌধুরীকে দিয়ে ক্লাসিক ট্রেডিং নামে ট্রেড লাইসেন্স নম্বর ৩০৩৯৬ সংগ্রহ করেন। এরপর আমাকে দিয়ে ইউসিবিএলের স্টেশন রোড শাখায় ক্ল্যাসিক ট্রেডিংয়ের নামে হিসাব খোলান। আমার নামে হিসাবটি খোলা হলেও ব্যাংক থেকে ইস্যুকৃত চেক বই আমি স্বাক্ষর দিয়ে গ্রহণ করিনি। হিসাবটির খালি/ব্ল্যাংক চেকের পাতায় আমার স্বাক্ষর নিয়ে চেক বই আব্দুল আজিজ নিয়ে যায়। গত ২০১৮ সালের ১৭ জানুয়ারি থেকে ২৭ জুলাই ২০২২ পর্যন্ত আমার ক্লাসিক ট্রেডিং নামীয় হিসাবটিতে মোট ৬৫১ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫৭৯ টাকা জমা ও ৬৫১ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫৭৯ টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া মোহাম্মদ জাহিদের নামে রেডিয়াস ট্রেডিং; মো. ফরিদ উদ্দিনের নামে লুসেন্ট ট্রেডিং; আব্দুল আজিজের নামে ইম্পেরিয়াল ট্রেডিংয়ের নামে ভুয়া ট্রেড লাইসেন্স একই পদ্ধতিতে সংগ্রহ করে শত শত কোটি টাকা লেনদেন করে নগদে উত্তোলনপূর্বক বিদেশে পাচার করেন সাইফুজ্জামান।

ইসলামী ব্যাংক পিএলসি জুবলী রোড শাখা হতে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের তথ্যও আদালতকে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামানের নামে ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ৫০০ কোটি টাকার একটি বাই মুরাবাহা লোন নেওয়া হয়। যেহেতু শরীয়াভিত্তিক ব্যাংকগুলো কাস্টমারের নামে/ব্যাংক হিসাবে সরাসরি লোন প্রদান করে না, বিধায় আমাকে ‘ক্ল্যাসিক ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব হিসাব খোলার মৌখিক নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে হিসাব সচল হবার পরে আরামিট সিমেন্টের অনুকূলে ইসলামী ব্যাংক জুবলী রোড হতে বরাদ্দকৃত লোনের টাকাসহ অন্যান্য বেনামি প্রতিষ্ঠানের নামে লোনের টাকা আমার হিসাবে জমা করা হয়। আমার পূর্ব থেকে স্বাক্ষর করে রাখা খালি চেকের মাধ্যমে কোটি কোটি টাকা উত্তোলন করে আরামিট সিমেন্ট লিমিটেড, আরামিট থাই অ্যালুমিনিয়ামসহ আরামিট গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়।

নিজেকে নির্দোষ দাবি করে জাহাঙ্গীর বলেন, ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৬টি মামলার আসামি হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত রয়েছে। মামলাগুলো সংশ্লিষ্ট লোন আবেদন ফর্মে বা ব্যাংক হিসাব খোলার ফরমে আমার স্বাক্ষর নেই। তবে আমাকে আরামিট পিএলসি কোম্পানির প্রদানকৃত মোবাইল নম্বর–০১৭৭৭৭০০৮৫১–বেশ কয়েকটি কোম্পানি যেমন লুসেন্ট ট্রেডার্স, ভিশন ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ে ব্যবহৃত হয়েছে, যেটা আমাকে আগে থেকেই সাইফুজ্জামান চৌধুরী নির্দেশ দিয়েছিলেন। সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশনায় নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদনকৃত লোনের অর্থের বিভিন্ন অংশ আমার নামসর্বস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ইম্পেরিয়াল ট্রেডিংয়ের হিসাবে জমা করে, পরবর্তীতে নগদে উত্তোলন/আরামিট গ্রুপভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে নগদে উত্তোলন করে বিদেশে পাচার করেছেন।

জাবেদের দুই ‘মূল সহযোগী’ শ্যোন অ্যারেস্ট: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থ পাচারের নেপথ্যে যে দুজনকে ‘মূল সহযোগী’ হিসেবে চিহ্নিত করছে দুদক তাদের তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম মো. আব্দুল আজিজ। গতকাল দুদকের আবেদনের পর সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার ও ১৮ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ডের পর ২২ সেপ্টেম্বর ইউসিবিএল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago